মাটি ফাটেনি এবার; ছিলনা রোদের তীব্রতা
থেকে থেকে বৃষ্টিফুল সুবাতাস শীতলতা
তথাপিও মনে ভয় অজানা আতঙ্ক কৌতূহল
কী হয় কী হয় বদ্ধঘরে; বন্ধ চলাচল।
কে দেবে ভরসা তাকে? জল জমে চোখের কোণায়
প্রবাসে; হাহুতাশে দিন কাটে অন্নের চিন্তায়
হা-অন্ন হা-অন্ন করে হন্নে হয়ে অন্নের সন্ধানে
ঘর থেকে বহুদূরে পরবাসে ছেড়ে আত্মজন
দেশান্তরি অন্নভূক অন্ন খোঁটে প্রাণপণে
প্রিয় রমণীর মুখ ভুলে ক্লেদ ক্লিন্ন পরিযায়ী জীবন
সহসা নিদান ওই "ঘরে থাকো তফাতেই রও"
সব বন্ধ,গাড়িঘোড়া পথে পথে কাঁটার আগল
নিষেধে মান্যতা রাখো — নয়, তুমি দেশপ্রেমী নও
ঘটিবাটি বেচে বাঁচো পোড়া পেটে জোটাতে অন্নজল
তারপর পথে নামো দিনরাত পথে পথে পথে
ক্লান্ত দেহ ছিন্নভিন্ন ইতি টানে লৌহচক্র রথে।

পরিচিতি: কবি, সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের কর্মী। পানাগড়, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ।