আমি তোমাদের কবি – তোমরা আমাকে নাও
ছায়াঢাকা গাঁয়ের মাটির মসজিদ – সুরেলা আজান
প্রাচীন মন্দির, উলুধ্বনি, কীর্তন, গাজনের গান
পুরনো গির্জার ঘণ্টা, প্রণত প্রার্থনা, যিশুর বন্দনা
কিয়াঙে কিয়াঙে জোড়হাতে – বুদ্ধং শরণং গচ্ছামি...
লাল হালখাতা, হাওয়াই মিঠাই, চিনির হাতি-ঘোড়া
কুমোরের চাকা, মাটির পুতুল, ঢেঁকিতে গাঁয়ের বধূ
নাগরদোলার ঘূর্ণি, রাতভর যাত্রাপালা, লালনের গান
কবি নজরুল-রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু মুজিবের মুখ;
রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, শোকার্ত প্রভাতফেরি
ঊনসত্তরের গণঅভ্যুত্থান – আসাদের রক্তমাখা শার্ট;
সাতই মার্চের রেসকোর্স, জয় বাংলা, মুক্তিযুদ্ধ
লক্ষ লক্ষ শহিদের রক্তেভেজা প্রিয় স্বাধীনতা;
আমি তোমাদের কবি – তোমরা আমাকে নাও।
চৈত্রের হাওয়া, আড়বাঁশি – বিদায়বেলার সুর
বিরহ-বেদনা, পাপ-তাপ, মেঘ, বৃষ্টি, ভোর
মৃদুমন্দ বসন্তের বাতাস, নতুন কচিপাতা
মউমউ আমের মুকুল, মাতাল মৌমাছি;
পদ্মার ইলিশ, হালদার পোয়াতি কাতলা, রুই;
কপোতাক্ষের মধুসূদন, ব্রহ্মপুত্রের অষ্টমী-স্নান
মেঘনার ঢেউ; যমুনার ভয়াল ভাঙন – ঘোলা জল
মাতৃসমা নদ-নদীর উর্বর পলি, শস্যের সুষমা;
সবুজ ধানের ক্ষেতে বাতাসের দোলা, মাঠের কিষাণ
জারি-সারি-কবিগান – অথই হাওরে উদাস সুরের টান
হাওয়ায় থিরথির বিলের কলমি, কচুরিপানার ফুল
হিজলের ডালে খয়েরি শালিখ, বাঁশঝাড়ে সাদা বক;
আমাকে তোমরা নাও আমি তোমাদের কবি।
পহেলা বৈশাখ, ঈদ, দুর্গাপুজা, বড়দিন, বুদ্ধপূর্ণিমা
নৌকার বহর, পালের বাতাসে ভাটিয়ালি, মারফতি
পাহাড়ের ঝরনার গায়ে বিহু, সাংরাই – জলকেলি
কিশোরীর নতুন পিরান, পাঁচনের ঘ্রাণ, পিঠাপুলি;
আউশের ফেনাভাত, পাটশাক, সজনের ডাটা
তেলে ভাজা শুকনো মরিচ, ঝড়ে পড়া কাঁচা আম
কাজলি মাছের ঝোল, চলন বিলের কই
বাটির পায়েস, ডালায় বিন্নির খই, ঘরেপাতা দই;
চারুমুখী মেয়েটির দুরন্ত কৈশোর – কপালের কাটা দাগ
রঙিন কাঁচের চুড়ি, মাটির গয়না, রুপোর নোলক
লাল-নীল-বেগুনি পুঁতির মালা, খোঁপার শাপলা
পরনে বাহারি শাড়ি, কালো টিপ, লাল ঠোঁট –
এই তো শ্যামল বাংলার রূপ – আমি আঁকি সেই ছবি
আমাকে তোমরা নাও – আমি তোমাদের কবি।

পরিচিতি: কবিতায় 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' ও 'একুশে পদক' প্রাপ্ত বাংলাদেশের কবি।