কবিতা

বর্ষারাতে



ফরিদ মুজহার


ঘনঘটা হলেই চোখ ভেজে আকাশের
তোমার আঁচলে ভাসে মেঘপুঞ্জ,
তোমার জানালায় মিশে বৃষ্টিচ্ছটা
কখনো ঝুম ঝুলে খোঁপা আঁকড়ে,
কখনো পদ্ম পাতায় জমে কণা,
তোমার উদাস চোখে রাজ্যের মুগ্ধতা
মনে রচে দৈবচয়ন!

এরকম শ্রাবণ মুখর আঙুলে মূদ্রার
চারণিক শিল্পকলা, ভ্রুভঙ্গিমায়
নদীর নান্দনিক নিরবধি বহমানতা,
জানি বৃষ্টিদের ঘুম নেই আহার নেই
এদের চোখের কাজলে, কপালের টিপ
রহস্যময় অমোঘ অমোচনীয়!

খুব ইচ্ছে করে মেঘ পিওনের
খাম খুলে দেখে নিই
তোমার চয়ন, বাণী, গীতশ্রী,
মেঘ রঙ কালি আর বর্ষামুখর
কলম দিয়ে লিখে দিও
তোমার সেই কথাটি।
যাহার অপেক্ষায় নির্ঘুম প্রহর
কাটে এই বর্ষারাতে।

পরিচিতি: কবি ও উদ্যোক্তা ব্যবসায়ী; কুমিল্লা, ঢাকা, বাংলাদেশ।