কবিতা

দাঙ্গা



প্রসূন বন্দ্যোপাধ্যায়


চব্বিশ পরগনার এই শ্যামলিমা, বটগাছের নিচে
হে মরুজাহাজ, তোমাকে কল্পনা বলে মনে হয়
শরিফের সম্পত্তিমামলার ঠিক মধ্যে বসে আছ, যেন
মেদিনার বার্তাবহ, জাবর নিশ্চিন্ত দেহ, কাল
লবণাক্ত মরুমাংস শস্যোজ্জ্বল পরগনায় বিতরিত হবে
কালই চন্দ্রের দিন, বরিশাল কলোনিতে
সংকীর্তন শুরু হলো আটপ্রহর ব্যাপী, হরিবোল
করতালের শব্দে যেন সারাপাড়া ছমছম করে
আজ রাত্রে অতিরিক্ত পাল্টেছে আবহ
শরিফে বাঁশের খুঁটি উঁচু করে বাঁধা হ'ল লাউডস্পিকার
সাহাবাবুদের ছাতে ঘটা করে বাঁধা হ'ল চোঙা
অস্ত্রশস্ত্র মন্ত্রঃপুত, দোয়াপ্রাপ্ত করবার কাজ শেষ হ'ল
কালই চন্দ্রের দিন, ঝুলনের মেলা

এর মধ্যে কী বিপদ!
পুলিশিটহল ছিঁড়ে আমি শুধু দেখেছি একাকী
ফেরেশতারা দোলনা বাঁধে শ্রাবণের অঝোর ধারায়
আর মাদ্রাসার মাঠে কাদা মেখে উঠে বসে ছোট্ট শ্যামরাই

বাংলার ভেতরের এখবর পাঠককে অনুরোধ করি
ভারতের স্বরাষ্ট্রদফতর যেন জানতে না পারে।

পরিচিতি: বিশিষ্ট কবি, ২০২৬-এ 'সাহিত্য অকাডেমি' পুরস্কারে সম্মানিত। নিবাস: বাগবাজার, কলকাতা।