কবিতা

ভালোবাসা সম্বন্ধীয়



অরিত্র শীল


তোমার গাওয়া গানের ভিতর খুঁজি
অখণ্ড রং স্তব্ধ বিকেল মালা
মাস্তুল হোক হ্রদের রুটি রুজি
পুড়ছে রোদে ক্ষুব্ধ ভাতের থালা।

দেউল থেকে উড়ছে ধুলোর ছবি
অন্যপাশে বজ্রযানের শ্লোকে
শীর্ণ ধানের নবান্ন এ সবই
ফোসকা হয়ে পড়েছে থোকে থোকে।

জখম আলো যখন ঢোকে ঘরে
টেবিল ঘেঁষে সর্বনাশের খাদে
শতাব্দী কাল দুঃখ মনে পড়ে
ছাই হয়ে যাই আগুন চাষাবাদে।

তোমার গাওয়া গানের কথা খুলে
বন্দরে ঝড় উপুড় করে ফেনা
এমন সফর ঈমানী তুলতুলে
শুদ্ধ 'রাগে'র কোমল ঘোড়ায় টানা।

পরিচিতি: সংস্কৃতিকর্মী, হুগলী-চুঁচুড়া ব‌ইমেলা ও 'সমকাল' ও 'বিবৃতি' পত্রিকার সম্পাদক।